ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবারও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, অতীতে যারা মানুষ হত্যা করেছে, তারা আবারও হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাটের ১ নম্বর সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরোয়ার আলমগীর বলেন, দেশের স্বার্থে ৫ আগস্টের আগে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মতো ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
বাংলাদেশের জনগণ আবারও জেগে উঠলে ৫ আগস্টের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে উল্লেখ করে তিনি সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সরোয়ার আলমগীর বলেন, পেছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দেশের বাইরে থেকে এসে কেউ বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করবে, আর এ দেশের মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে—তা হতে পারে না।
প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে অনেক তথ্য ও রেকর্ড রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে তিনি আরও বলেন, তাঁরা চিহ্নিত হয়েছেন; তাই এসব কর্মকাণ্ড থেকে তাঁদের সরে আসতে হবে।
বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, এ দেশকে আবারও অশান্ত করার চেষ্টা করে কেউ সফল হবে না। অতীতে যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছিল, একইভাবে যারা হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে, তাদেরও সেই পরিণতি বরণ করতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।