চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি রায়হান আলম ওরফে শুটার রায়হান আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আত্মসমর্পণ করলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান মামলার বাইরে নতুন কোনো মামলায় না জড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রায়হান আলমের একটি ফেসবুক অ্যাকাউন্টে তাঁদের ফোনালাপের একটি অডিও প্রকাশ করা হয়। এতে রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। জবাবে নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রায়হান।
ফোনালাপে কাজী মো. তারেক আজিজ বলেন, আত্মসমর্পণ করলে রায়হানের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং বিদ্যমান মামলার বাইরে নতুন করে অপ্রয়োজনীয় মামলায় জড়ানো হবে না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’
জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা থাকলেও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নতুন মামলায় জড়ানোর আশঙ্কা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’
এর আগে আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে বিপাকে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি। ওই খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল বলে জানান রায়হান। এবারও একই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কথোপকথনে সাম্প্রতিক গোলাগুলির ঘটনাও উঠে আসে। রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতে যাওয়ার পথে কয়েকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। আত্মরক্ষার যুক্তি তুলে ধরে আহতদের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণের নির্দিষ্ট সময় জানাননি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় ছয়জন আহত হন। পুলিশের ভাষ্য, রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।
পরদিন মঙ্গলবার ফেসবুক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করে আত্মরক্ষার্থে এমনটি করেছেন বলে দাবি করেন রায়হান। আহতদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে যোগাযোগের আহ্বানও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কাজী মো. তারেক আজিজ বলেন, তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।