ফটিকছড়িতে টিলা কাটার দায়ে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক জব্দ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ফটিকছড়িতে টিলা কাটার দায়ে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক জব্দ

ফটিকছড়িতে টিলা কাটার দায়ে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক জব্দ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় এ অভিযান চালানো হয়। ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গামারিতলা এলাকায় গত তিন-চার দিন ধরে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও মাটি পরিবহনের একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, টিলা কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে টিলা কাটা বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশবিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটির যাত্রা, বিদায়ী শিক্ষককে সম্মাননা

ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটির যাত্রা, বিদায়ী শিক্ষককে সম্মাননা
ছবি সংগৃহীত।

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির নবগঠিত উপজেলা কমিটির অভিষেক হয়েছে। একই অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা শেষে অবসরে যাওয়া সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহানকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি, ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মহিউদ্দিন।

অনুষ্ঠানে ২০২৭-২০২৯ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক করা হয়। পাশাপাশি শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও কর্মজীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন বক্তারা।

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মুসলেহ উদ্দিন আহমদ মাদানী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ড্রিমকি প্রোপ্রাইটিস লিমিটেড, বাংলাদেশের চেয়ারম্যান ও বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মহিব উল্লাহ, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল রাকিব সিদ্দীকী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আকরাম হোসেন।

বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক সমিতিকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত কমিটি শিক্ষকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি উপজেলার শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ শাহজাহানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও শিক্ষা বিস্তারে অবদান নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষানুরাগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




নির্বাচনী মাঠে নামার আগেই বিএনপি নেতা মঈন উদ্দিন চৌধুরীর উঠান বৈঠক

নির্বাচনী মাঠে নামার আগেই বিএনপি নেতা মঈন উদ্দিন চৌধুরীর উঠান বৈঠক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী এলাকায় মঈন উদ্দিন চৌধুরীর নিজ বাড়িতে এ সভা হয়।

সাবেক ইউপি সদস্য আনোয়ারুল আজিমের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মঈন উদ্দিন চৌধুরীর সম্ভাব্য প্রার্থিতা, এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁদের সুচিন্তিত মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, পাইন্দং ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ নিরসনে জনসম্পৃক্ত ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা থেকে তাঁরা মঈন উদ্দিন চৌধুরীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে করণীয় বিষয়সমূহ নিয়েও আলোচনা করা হয়।




আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বর্ণপদক পেলেন ফটিকছড়ির ডা. জাসেম

আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বর্ণপদক পেলেন ফটিকছড়ির ডা. জাসেম
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা, উচ্চতর ডিগ্রি, গবেষণা ও পেশাগত দক্ষতায় অনন্য সাফল্যের স্বীকৃতি পেয়েছেন ফটিকছড়ির কৃতী সন্তান ডা. আব্দুল হামেদ জাসেম। চিকিৎসাশাস্ত্রে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মানজনক ‘এসএন সামাদ গোল্ড মেডেল ২০২৬’ (SN Samad Gold Medal 2026) অর্জন করেছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) ঢাকায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তাঁর হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

ডা. আব্দুল হামেদ জাসেমের পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া গ্রামে। তাঁর বাবা মো. দেলোয়ার হোসেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে চিকিৎসাশাস্ত্রে তাঁর এই সাফল্য নিজ জন্মভূমি ফটিকছড়ির জন্যও গৌরব ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেছেন পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন। তিনি বলেন, ‘ডা. আব্দুল হামেদ জাসেম আমাদের গ্রামের গর্বিত সন্তান। আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসাশাস্ত্রে তাঁর এই অসামান্য অর্জন ও স্বর্ণপদক লাভ আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি শুধু নিজের পরিবার বা গ্রামের মুখ উজ্জ্বল করেননি, সমগ্র ফটিকছড়ির সম্মান বৃদ্ধি করেছেন। তাঁর মতো মেধাবী ও পরিশ্রমী তরুণদের হাত ধরেই আমাদের এলাকার নতুন প্রজন্ম উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।’

জানা গেছে, ২০২৬ সালের এমডি (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) পরীক্ষার দুটি সেশনের সম্মিলিত ফলাফলে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই স্বর্ণপদকের জন্য মনোনীত হন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএসিসিপিপি) আয়োজনে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তাঁকে এ পদক প্রদান করা হয়।

শিক্ষাজীবনের শুরুতে ডা. জাসেম ওমানের ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ থেকে ও-লেভেল ও এ-লেভেল সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং উচ্চতর চিকিৎসাশিক্ষায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ডিগ্রি অর্জন করেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই চিকিৎসক। ২০২৫ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন (আরসিইএম) থেকে তিনি ‘মেম্বারশিপ অব দ্য রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন’ (এমআরসিইএম) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন ইনটেনসিভ কেয়ারের (ইডিআইসি) প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। এ ছাড়া চিকিৎসাশাস্ত্রে তাঁর তিনটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) ডিপার্টমেন্ট অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (আইসিইউ) স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইমার্জেন্সি মেডিসিন—চিকিৎসাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিশেষায়িত শাখায় উচ্চতর পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে তিনি নিজের কর্মক্ষেত্রে বিশেষ অবস্থান তৈরি করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ডা. আব্দুল হামেদ জাসেম বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি ও স্বর্ণপদক অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন আমাকে চিকিৎসাশাস্ত্রে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার এ অর্জনে যাঁরা সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’