পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড

পটিয়ায় মাকে মারধরের অভিযোগে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ৬০ দিনের কারাদণ্ড দেন।
পটিয়া থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ আগস্ট সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারধরের অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আখতার হোছাইন সঙ্গীয় ফোর্সসহ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার নুরুল ইসলাম পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার মৃত সামশুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬০ দিনের কারাদণ্ড দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











