বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের চিত্তবিনোদনের একমাত্র ঠিকানা এই শিশুপার্কটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি এখন শিশুদের খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। খেলার সরঞ্জামে মরিচা ধরেছে এবং সীমানাপ্রাচীর ভেঙে তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। ফলে পার্কের ভেতরে অবাধে চলাচল করছে স্থানীয় লোকজন ও গবাদিপশু। মাঝেমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নিয়মিত তদারকির অভাবে পার্কটির কোনো উন্নতি হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পার্কটিতে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সিস-স রয়েছে। তবে এর অধিকাংশই পুরোনো ও মরিচা ধরা। সরঞ্জামগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে খেলতে গিয়ে যেকোনো সময় শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে। এ ছাড়া পার্কের পাশ দিয়ে সড়ক থাকা সত্ত্বেও পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের মাঝখানের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্কটি মাঝেমধ্যে সংস্কার করা হলেও তাতে কোনো ধারাবাহিকতা থাকে না। সংস্কারের পর কিছুদিন পরিবেশ ভালো থাকলেও তদারকির অভাবে তা দ্রুতই আগের অবস্থায় ফিরে যায়। শিশুদের জন্য নতুন কোনো রাইড বা সরঞ্জাম স্থাপনের কার্যকর উদ্যোগও চোখে পড়ে না।
এদিকে শিশুপার্কটির সংস্কার ও নতুন খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে মিজান আকন্দের ধারণ করা ‘খবর নিয়ে দেখেন কার আত্মীয় হয়’ শিরোনামের একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, পার্ক সংস্কারের জন্য ইয়াকুব আলীকে ৩ টন চাল ও ৩ টন গম এবং খেলার সরঞ্জাম কেনার জন্য মো. ইব্রাহীমের নামে আরও ৩ টন চাল ও ৩ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ, দুই ব্যক্তির নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের তথ্য ভিডিওটিতে উঠে আসে।
তবে এ বিষয়ে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা দুজনই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তাঁদের নামে বরাদ্দ বা এ-সংক্রান্ত কোনো প্রকল্পের বিষয়ে তাঁরা কিছুই জানেন না বলে দাবি করেছেন। ফলে বরাদ্দের এই তথ্য এবং এর বাস্তবায়ন নিয়ে এলাকায় ধোঁয়াশা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, কাগজে-কলমে বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে পার্কটির কোনো দৃশ্যমান সংস্কার বা নতুন সরঞ্জাম যুক্ত হয়নি। বরাদ্দের বিপরীতে প্রকৃতপক্ষে কী কাজ হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের কর্মকর্তা উচাছে মার্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে এ বিষয়ে জেলা পরিষদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজশিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিশুপার্কের গুরুত্ব অপরিসীম। আলীকদমের মতো দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ এমনিতেই কম। একমাত্র পার্কটির এমন বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। শুধু নামমাত্র সংস্কার নয়, পার্কটি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি।
কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, ছোটবেলা থেকেই তাঁরা পার্কটিকে শিশুদের বিনোদনের কেন্দ্র হিসেবে দেখে এসেছেন। কিন্তু বর্তমানে সেখানে শিশুদের বদলে গরু-ছাগল ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে। ছোট ভাইবোনদের সুস্থ বিনোদনের স্বার্থে পার্কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, শিশুদের মানসিক বিকাশের জন্য এই পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্কটির বর্তমান দুরবস্থার বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্কটি যেন গবাদিপশুর বিচরণক্ষেত্র বা চলাচলের পথ হিসেবে ব্যবহৃত না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
স্থানীয়দের মতে, উপজেলায় শিশুদের বিনোদনের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পার্কটি দ্রুত সংস্কার, সীমানাপ্রাচীর মেরামত ও নতুন সরঞ্জাম স্থাপন সময়ের দাবি। পাশাপাশি বরাদ্দের অর্থ বা খাদ্যশস্যের সঠিক ব্যবহার নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।