চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামতে ১৪০০ কোটি টাকা বরাদ্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামতে ১৪০০ কোটি টাকা বরাদ্দ

চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামতে ১৪০০ কোটি টাকা বরাদ্দ
ছবি সংগৃহীত।

চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে এই বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠদিনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মো. শহিদুল ইসলামের পক্ষে এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চান, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিশাল অংশ পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যায়। চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আগামী বাজেটে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে কি না?

জবাবে অর্থমন্ত্রী বলেন, চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির জন্য আগামী অর্থবছরের (২০২৭-২৮) বাজেটে ফরিদপুর জেলায় ১টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন ‌‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে গত ১১ আগস্ট ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় জনবলের জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত প্রকল্পের অনুকূলে আগামী অর্থবছরে ডিপিপিতে ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা আছে।

 

তিনি আরও বলেন, এছাড়াও সারাদেশে নদী তীরবর্তী কোনো এলাকায় সাধারণত নদীভাঙন বা বন্যার আশঙ্কা দেখা গেলে বাপাউবো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাপাউবো এর অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ থেকে ফরিদপুর জেলার নদীভাঙন ও বন্যা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।




হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ
ছবি সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলেও তিনি জানিয়েছেন।    

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে তাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই এবং সেটা আমাদের বিষয়ও না।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখিত প্রথম শর্তে বলা হয়েছিল, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

 




রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
ছবি সংগৃহীত।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইইউ মিশন এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক প্যাকেজের অংশ। এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা পরিষেবা জোরদার করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এই অতিরিক্ত অর্থায়ন ছাড়াও ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে অর্থায়ন করছে, বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টাকে সমর্থন জোগাচ্ছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দিচ্ছে।




১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ

১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
ছবি সংগৃহীত।

মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সব গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস নিয়ে প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত এবং পুষ্পস্তবক অর্পণকালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে এবং সিসি ক্যামেরাসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে।

বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত মেহমানদের এবং তাদের যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।