চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার অস্ত্র ও কার্তুজ উদ্ধারের এক মামলায় মো. আবদুর রহিম (৫০) প্রকাশ 'ডাকাত রহিম'-কে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর, ২০২৫) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। দণ্ড ঘোষণার সময় আসামি আবদুর রহিম আদালতে উপস্থিত ছিলেন এবং তাঁকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোরশেদুর রহমান চৌধুরী রোকন জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র ও কার্তুজের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আবদুর রহিমকে দোষী সাব্যস্ত করেন।
অস্ত্রের জন্য: ১০ বছরের সশ্রম কারাদণ্ড। কার্তুজের জন্য: ৭ বছরের সশ্রম কারাদণ্ড।
তবে আদালতের নির্দেশ অনুযায়ী, এই দুইটি সাজা একসঙ্গে কার্যকর হবে, ফলে আবদুর রহিমকে মোট ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ মে নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা হিন্দুপাড়া এলাকায় পুলিশ আবদুর রহিমকে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি একনলা বন্দুক (দৈর্ঘ্য প্রায় ২৬ ইঞ্চি) এবং একটি নীল রঙের শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকটিতে ট্রিগার, ট্রিগার গার্ড ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল।
এই ঘটনায় তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে, ২০১৬ সালের ১০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।












