চকরিয়ায় আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা

কক্সবাজারের চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি জবরদখল এবং স্থায়ী স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফতেহআলী সিকদারপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে আরমান উদ্দিন সোহাগ, নুরুদিনের ইন্ধনে এবং মৃত আজিজুর রহমানের স্ত্রী জয়নাব বেগমসহ ৮-১০ জনের একটি চক্র জোরপূর্বক জবরদখল ও সন্ত্রাসী কায়দায় জমির মালিকানা দাবি করে আসছে।
এ বিষয়ে ভুক্তভোগী কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকার মো. নুরুল আলম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (শিক্ষা ও আইসিটি, কক্সবাজার) একটি ফৌজদারি মামলা (এম. আর. মামলা নম্বর- ১৭৮/২০২৬ ইংরেজি) দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ০৩/১১/২০২৬ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নালিশি জমিতে প্রবেশ বা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
পাশাপাশি চকরিয়া উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ প্রদান করা হয়।
তবে অভিযোগ উঠেছে, আদালতের এই আদেশ ও প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদমান পক্ষ আইন অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছে। ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এই চিত্র দেখা যায়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের অবৈধ জবরদখল ও স্থাপনা নির্মাণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।
তবে অভিযুক্ত আরমান উদ্দীনের পরিবার অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর। খবর পেয়ে ঘটনাস্থলে চকরিয়া থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে।








