গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী

গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী
ছবি সংগৃহীত।

ফ্যাসিবাদী দুঃশাসনের কঠোর গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এর সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়।

রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম।
তিনি বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।

জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে।
এ সময় শহীদ ডা. মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।




গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত।

গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করা সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।

সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়া, নৈতিকতার বিকাশ এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।




আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগ রাজনীতি শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে গেছে, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ইদানীংকালে যা দেখছেন, আওয়ামী লীগ তো রাজনীতি স্টার্ট করেনি। আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড স্টার্ট করেছে। এটাকে কোনোভাবেই আমি রাজনীতি নাম দিতে চাই না। আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। সুতরাং এটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না। সো আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি আরম্ভ করছে সেটা আমি বলবো না।’

সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘নানক সাহেবরা যে গিয়েছিল বর্ডারে দেখার জন্য, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আওয়ামী লীগের খুব একটা হালকা ব্লাফ পলিটিক্স।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন একটা তথাকথিত ওনাদের ভাষায় যে আন্দোলন ডেকেছিল গোপালগঞ্জে করেছিল, ওখানে এই চারজন যে নেতা, এনাদের নিজস্ব এলাকা যেটা, যেমন মায়া সাহেবের চাঁদপুর, বাহাউদ্দিন নাসিমের কালকিনি, তারপর আলাউদ্দিন নাসিমের নোয়াখালী বেল্ট, আরেকজন যিনি ছিলেন নানক সাহেবের যে মোহাম্মদপুর, এসব জায়গাতে আমরা কোনো আন্দোলন দেখতে পাই নাই।’

মন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় এটা ইন্টারনাল পলিটিক্সের জন্য ওনারা রেলিভ্যান্ট থাকার জন্য হঠাৎ করে ওনারা একটু ওনাদের পার্টি পলিটিক্স একটু বর্ডারের ওপরে আসছেন।’

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তাকে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘তো আমার মনে হয় আপনারা আমরা সবাই জানি যে প্রচলিত আইনে বিচার হবে এবং এ রকম কোনো সুযোগ বাংলাদেশে নাই বা এই ধরনের কোনো আনরিজনেবল রিকোয়েস্ট বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে, এটা আসলে হাস্যকর। তো সুতরাং প্রচলিত আইনেই উনি আসবেন। যদি আসেন, উনার বিচার হবে। অথবা আমরা যেভাবে চাচ্ছি যে বন্দিবিনিময় চুক্তি বা আমাদের যে ট্রিটি এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেটা আমরা কাজ করছি, সেভাবে আমরা আনার চেষ্টা করে যাচ্ছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয় রয়েছে।


পার্থ বলেন, ‘উনি ওখানে দাঁড়িয়ে কী বললো না বললো, শেখ হাসিনা ওখানে থাকাটা এবং ওখানে বসে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, সেগুলি অ্যালাউ করাটা, এই জিনিসগুলো আসলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে অনেক আলাপের ব্যাপার আছে।’

শেখ হাসিনা ভারতে কোন অবস্থানে রয়েছেন, তা বাংলাদেশের জানা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আর আপনি যেটা বললেন যে, কোন ক্যাপাসিটিতে ওখানে আছেন উনি, সেটাও আমরা বলতে পারি না। উনি কি অ্যাসাইলামে আছেন, উনি কি ট্যুরিস্ট ভিসায় আছেন, উনি কি কীভাবে আছেন, সেটাও আমরা জানি না। আমরা প্রচলিত আইন যেটা, সেটা দিয়ে বলছি। আমাদের চোখে ওনাদের বিরুদ্ধে মামলা আছে, জাজমেন্ট হয়ে গিয়েছে। তো সুতরাং বাংলাদেশ সরকার ন্যাচারালি সেটাই দাবি করবে যে, আপনি আমাদের যে চুক্তি আছেন, সেভাবে উনি, ওনাকে পাঠাতে হবে।’

ভারতীয় গণমাধ্যম ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমের একটি বড় অংশ বাংলাদেশ পরিস্থিতিকে হিন্দু-মুসলমানের দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কী বলছে, আপনারা তো ইদানীংকালে দেখছেন, একটা বড় সেক্টর মিডিয়ার, দিকে, হিন্দু-মুসলমানের দিকেও অ্যাঙ্গেল করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে সেখানকার লোকাল গভর্নমেন্ট বা বিজেপির গভর্নমেন্ট চেষ্টা করছে বোঝানোর জন্য যে, এখানে পলিটিক্যালি হিন্দু কমিউনিটি বা যারা আছেন, তাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, এ রকম একটা ইম্প্রেশন দিয়ে, অ্যান্ড দ্য অনলি সেভিয়ার ইজ শেখ হাসিনা। এই কারণে ওনার গুরুত্ব ওখানে বাড়ানোর চেষ্টা করছে।’

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একজন গণহত্যাকারী যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার কথা এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের জনগণের টাকায় বা লুটপাট করে, বাংলাদেশের জনগণকে হত্যা করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড উনি এত ইম্পর্টেন্ট কেন, তার কথাগুলা বা সে কীভাবে আসবে না আসবে, বাংলাদেশের আইন, বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, সেটা ফলো করেই জানতে হবে। কাজেই উনি কীভাবে আসতে চাচ্ছেন, উনি কীভাবে কী করতে চাচ্ছেন, এটা থেকে বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার মনে হয় ওগুলাতে কনসেন্ট্রেট করা উচিত, বাংলাদেশের জনগণের পক্ষে উন্নয়নের বিষয়ে, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এসব নিয়ে কথা বলাটা মনে হয় এগুলার সময় এখন।’




প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ নিয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।

এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শুরু হচ্ছে।