কেরানিহাটে কেনা জায়গার দখল ও কোটি টাকা ফেরত পেতে আব্দুস সালাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন একটি জমি নিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ, দখলচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কেরানীহাট আল আকসা রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিয়াকত আলী ও তাঁর স্বজনদের পক্ষে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, বৈধ দখল নিশ্চিতকরণ এবং পরিবারের নিরাপত্তা দাবি করা হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উত্তর ঢেমশার আব্দুস সালাম মূল মালিকের কাছ থেকে জমি কিনে বুঝিয়ে দেওয়া ও রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চুক্তির মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় এক কোটি টাকা নেন। অভিযোগকারীদের দাবি, টাকা নেওয়ার পরও তিনি জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নিজেই তা দখলে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি জমির বাকি অংশের রেজিস্ট্রি ও তাদের ভোগদখলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি কেনা হয় এবং পরে ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। কিন্তু আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিন নিজেদের প্রভাব খাটিয়ে জমির শান্তিপূর্ণ ভোগদখলে বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়:
প্রায় এক কোটি টাকা গ্রহণ ও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা।
জমির দলিল ও নামজারি যাচাই করে বৈধ ভোগদখল নিশ্চিত করা।
হুমকি ও ভয়ভীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ।
বক্তব্যে আরও বলা হয়, তাঁরা কারও সম্পত্তি দখল করতে চান না; বরং অর্থের বিনিময়ে কেনা জমির ন্যায্য অধিকার চান এবং প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণ প্রশাসনের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।









