এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা কিন্তু নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন আনছি। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এরইমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষা খাতে বাজেট বাড়ানোর তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, আগে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করা হচ্ছে। সারাদেশে শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুক আজকাল তিলকে তাল বানায়। আমি মিডিয়াকে আহ্বান জানাবো, শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।









