ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে শ্রমিকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরে একটি লবণ কারখানার মেশিনে আটকে রাশেদ আবদুল্লাহ ছোটন (২০) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নের একটি লবণ প্রক্রিয়াজাতকরণ মিলে এই দুর্ঘটনা ঘটে।
আহত রাশেদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেম্পলবাগান এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার মাঝি মোস্তাক আহমদ জানান, মিলে কাঁচা লবণ পরিশোধন (রিসাইকেলিং) করার সময় অসাবধানতাবশত মেশিনের বেল্টে রাশেদের পা আটকে যায়। এতে তার ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল থেকে আহত শ্রমিকের বাবা মোহাম্মদ ইসলাম জানান, লবণ কারখানার মেশিনে পা বিচ্ছিন্ন হওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার হাঁটুর নিচ থেকে বাকি অংশটুকুও কেটে ফেলেছেন। তিনি জানান, কারখানা মালিক পক্ষ প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আহত শ্রমিককে আমরা সাময়িকভাবে আর্থিক সহায়তা দিয়েছি। তার চিকিৎসার বিষয়ে আমরা সজাগ রয়েছি।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো কেউ থানায় লিখিতভাবে জানায়নি। তবে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।”








