৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে লামা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি গোপাল বাবুর মোড়, লামা মাছবাজার, লামা ফাজিল মাদ্রাসা ও বাস স্টেশনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সভাপতি মো. মারূফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলার আমীর মো. কাজী ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ফারুক আহমেদ, লামা উপজেলা শাখার সভাপতি মো. আকবর হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আদহাম আহমেদ।
এ ছাড়া সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











