২০২৭–২৮ সেশনে পুনরায় বান্দরবান জেলা জামায়াতের আমির নির্বাচিত এস এম আব্দুস সালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের জন্য পুনরায় বান্দরবান জেলা আমির নির্বাচিত হয়েছেন এস এম আব্দুস সালাম আজাদ। তিনি দলটির কেন্দ্রীয় শূরা সদস্য। তাঁর পুনর্নির্বাচনের খবরে বান্দরবানের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এস এম আব্দুস সালাম আজাদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৪ সালে তিনি প্রথম বান্দরবান জেলা আমিরের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘ সময় খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বান্দরবান জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি জেলার বিভিন্ন পর্যায়ে দলিয় কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবেও দলের নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। নতুন সেশনে পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় আগামী দুই বছর তিনি বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। ইসলামী চিন্তা, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, রাজনীতি ও সমাজব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘আমার নামাজ আমার জীবন’, ‘রাজনীতির রাজচক্র’, ‘আজকের প্রেক্ষাপটে উলামায়ে কেরামের ঐক্য’, ‘শিশু-কিশোর ছড়া’, ‘অমুসলিম ভাই-বোনও জামায়াতে ইসলাম করতে পারে’, ‘ভোট একটি পবিত্র আমানত’ এবং ‘আদর্শ নাগরিক সৃষ্টিতে রোজার ভূমিকা’।
এ ছাড়া তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে ‘শেষ জানাজা’, ‘অন্তরালে’ ও ‘প্রতিশোধ’। এসব লেখায় ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্যচর্চার মধ্য দিয়েও তিনি তাঁর বহুমুখী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
এদিকে তাঁর পুনর্নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর বান্দরবানের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন সেশনে তাঁর নেতৃত্বে জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা।









