ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে- মাহবুবের রহমান শামীম

একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবান শহরে একটি হোটেলের সভাকক্ষে জেলা বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য বিএনপির পক্ষ থেকে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বান্দরবানেও এবার দুর্গাপূজা আরও জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রতিটি পূজামণ্ডপে সহযোগিতা করবে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইনমং, চনুমং মারমা, উম্যাসিংসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।









