হাটহাজারীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

হাটহাজারীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু

হাটহাজারীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় আবির (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে মির্জাপুর ইউনিয়নের কলঘর এলাকার জনতা ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় নাজিরহাটগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস আবিরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহত আবির হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুরালপাড়া এলাকার বাপ্পি ও বাছু দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মির্জাপুরে এসেছিল। অনুষ্ঠান শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, আবিরের মা একজন পোশাকশ্রমিক (গার্মেন্টসকর্মী)। পরিবারের একমাত্র সন্তান আবির নানির বাড়িতে বসবাস করত।

কিশোর আবিরের এমন অকালমৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।




ফটিকছড়িতে মহাসড়কে তরুণদের স্ট্যান্টবাজি; হুইলিং-রেসিংয়ে আতঙ্ক

ফটিকছড়িতে মহাসড়কে তরুণদের স্ট্যান্টবাজি; হুইলিং-রেসিংয়ে আতঙ্ক
ছবি সংগৃহীত।

মহাসড়কে চলছে মোটরসাইকেলের বিপজ্জনক কসরত। কখনো সামনের চাকা তুলে হুইলিং, কখনো পাল্লা দিয়ে রেসিং, আবার কখনো চলন্ত অবস্থায় ভিডিও ধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও লাইক পাওয়ার নেশায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে একদল উঠতি বয়সী তরুণের এমন কর্মকাণ্ডে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এ প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বিশেষ করে শুক্র ও শনিবারসহ বিভিন্ন ছুটির দিনে বিকেলবেলা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড বেশি দেখা যায়। স্থানীয় ও আশপাশের এলাকার একদল তরুণ মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতিতে রেসিং, একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা এবং চলন্ত অবস্থায় ভিডিও ধারণ করছেন।

শুধু স্ট্যান্টবাজি করেই থেমে থাকছেন না তাঁরা। এসব দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। কেউ মোটরসাইকেল চালানোর সময় নিজেই ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে এসব দৃশ্য ধারণ করছেন। ‘SA07’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত স্টান্টবাজির ভিডিও ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ব্যস্ত মহাসড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক যান চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকির পাশাপাশি একই ও বিপরীত দিক থেকে চলাচলকারী যানবাহনের যাত্রী এবং পথচারীরাও পড়ছেন বিপদের মুখে। স্টান্ট দেখতে সড়কের পাশে উৎসুক তরুণদের জটলা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। কয়েকটি ভিউ ও লাইক পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের সচেতন করা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।’

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, ‘মহাসড়কে বাইকারদের ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে শুধু চালক নন, অন্য যানবাহনের যাত্রী ও পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাই হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়িয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, ‘এসব কর্মকাণ্ডের কারণে শিশু ও সাধারণ পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শামছুজ্জামান বলেন, ‘মহাসড়কে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উঠতি বয়সের কিছু তরুণ অভিভাবকদের অগোচরে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ ধরনের স্টান্ট করছে। এ ধরনের কর্মকাণ্ড মোটেও সমীচীন নয়। দুর্ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাঁদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।’

তিনি আরও জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।




রাউজানের নোয়াপাড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, মার্কেটে আতঙ্ক

রাউজানের নোয়াপাড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, মার্কেটে আতঙ্ক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে প্রকাশ্যে মুরাদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পথেরহাট বাজারের একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে এক যুবক ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করে। এ সময় তিনি মার্কেটের ১ নম্বর গলির ‘মা কসমেটিকস অ্যান্ড গিফট হাউস’ নামের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁর পেটে ছুরিকাঘাত করে ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পর হামলাকারী মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার হুমকি দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে লোকজন জড়ো হতে থাকলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মুরাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।




ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোবারক আলী বারেক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (লাইফ সাপোর্টে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোবারক আলী উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির মৃত মুহাম্মদ মুসার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইফতেকার উদ্দিন মুরাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গহিরা-ফটিকছড়ি সড়কের পূর্ব মাইজভান্ডার আমতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ জিসান (১৮) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং মোবারক আলী বারেক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।