হাটহাজারীতে গাড়ি চালককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহাবুল আলম (৩৫) নামে এক মাইক্রোবাস (হাইস) চালক নিহত হয়েছেন। আজ রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার মাইক্রোবাস ও প্রাইভেটকার স্টেশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাহাবুল আলম হাটহাজারী পৌরসভার আজিমপাড়ার মৃত আব্দুল নবীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা দুই-তিনজন যুবক স্টেশনে নেমে মাহাবুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের বড় ভাই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চৌধুরীহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) নাজমুল হাসান বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”









