হর্টিকালচারে জনবল সংকটে ব্যাহত কার্যক্রম, নিয়োগের প্রস্তাব উপপরিচালক লিটন দেবনাথের

৩৩ পদের বিপরীতে কর্মরত ১৫ জন, শূন্য ১৮ পদ—ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম
জনবল সংকটে বাগান ব্যবস্থাপনা, উৎপাদন ও কৃষকদের প্রযুক্তিগত সহায়তায় বাড়ছে চাপ
ফার্ম লেবারের ১৬ পদের ১১টিই শূন্য, ১০ দিনের কাজ শেষ করতে লাগছে ৩০ দিন
দ্রুত শূন্য পদ পূরণের দাবি—জনবল বাড়লে সেবার মান ও কাজের গতি বাড়বে: উপপরিচালক
উদ্যানতত্ত্ববিদ, উপসহকারী উদ্যান কর্মকর্তা, মালি ও চালকসহ গুরুত্বপূর্ণ পদে জনবল ঘাটতি
বান্দরবান শহরের বালাঘাটা হর্টিকালচার সেন্টারে দীর্ঘদিন ধরে বিভিন্ন পদ শূন্য থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবল সংকট কাটাতে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থার কথা ‘দৈনিক সাঙ্গু’ পত্রিকার জেলা প্রতিনিধির সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে এক সাক্ষাৎকারে এ বার্তা জানিয়েছেন বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় হর্টিকালচার সেন্টারে ফলজ ও বনজ বিষয় নিয়ে অনিয়মের কথা তুলে ধরা হলেও গাফিলতি ও অনিয়ম হওয়ার পেছনে বিভিন্ন পদে জনবল কম থাকাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি।
তিনি জানান, এ জনবল সংকটের বিষয়টি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্যামাচিং মার্মা ও পার্বত্যবাসীর অভিভাবক মহলের কাছে পৌঁছালে শূন্য পদগুলো দ্রুত পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁর বিশ্বাস।
ফার্ম লেবার মো. আলমগীর বলেন, ‘হর্টিকালচার সেন্টারে নিয়মিত লেবার হিসেবে কাজ করি মাত্র ৫ জন। জনবল কম থাকায় কাজের গতি বাড়াতে পারছি না; ১০ দিনের কাজ ৩০ দিনেও শেষ করতে পারি না। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া হলে আমাদের কাজের মান আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।’
সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তাবনায় দেখা যায়, হর্টিকালচার সেন্টারে মোট ৩৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৫ জন। ফলে ১৮টি পদই শূন্য রয়েছে। জনবল ঘাটতির কারণে দাপ্তরিক কাজের পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, চাষাবাদ, উৎপাদন ও কৃষকদের প্রযুক্তিগত সহায়তা কার্যক্রমে মারাত্মক চাপ তৈরি হচ্ছে।
প্রস্তাবনায় ১২ ধরনের পদে জনবল কাঠামোর তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদে ১ জন কর্মরত থাকলেও উদ্যানতত্ত্ববিদের ১টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ৪টি অনুমোদিত উপসহকারী উদ্যান কর্মকর্তার মধ্যে ১ জন কর্মরত এবং ৩টি পদ শূন্য রয়েছে।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মালি, ড্রাইভার ও ট্রাক্টর/পাওয়ার টিলার ড্রাইভার প্রতিটি পদে ১টি করে শূন্য পদ রয়েছে। গার্ড পদে ৪টি অনুমোদিত পদের মধ্যে ৩ জন কর্মরত এবং ১টি পদ শূন্য। সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে ফার্ম লেবার পদে। এ পদে ১৬টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন, ফলে ১১টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া এমএলএসএস (অফিস সহায়ক) পদেও একটি পদ শূন্য রয়েছে।
হর্টিকালচার সেন্টারের মতো কৃষি উৎপাদন, ফলদ ও উদ্যানজাত ফসলের সম্প্রসারণ, চারা উৎপাদন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি বিষয়ে সহযোগিতামূলক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠপর্যায়ের কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বান্দরবানের পাহাড়ি অঞ্চলে ফলদ ও উদ্যানজাত ফসলের উৎপাদন সম্প্রসারণে হর্টিকালচার সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক না থাকলে প্রতিষ্ঠানের উৎপাদন ও সেবামূলক কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
এ অবস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হলে বালাঘাটা হর্টিকালচার সেন্টারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা সেন্টারটির সেবা থেকে অধিকতর উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।











