সীতাকুণ্ডে ১৭শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার সাতশ অসচ্ছল পরিবার ও পরিবহন শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহাদেবপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
মেসার্স সরোয়ার এন্ড ব্রাদার্স ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সীতাকুণ্ড সিএনজি ও অটোরিকশা সমিতির সদস্যদের হাতে ইফতারের প্যাকেজ তুলে দেন আয়োজকরা। মেসার্স সরোয়ার এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. শাহজাহানের পৃষ্ঠপোষকতায় পশ্চিম মহাদেবপুরস্থ নজির আহমদ দারুল আরকান মাদ্রাসায়ও বিশেষ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও আইএইচআরসি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট মো. সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, “রমজানে সাধারণ ও কর্মজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
ইফতার বিতরণকালে সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহাম্মদ ছলু, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সীতাকুণ্ড শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন মাসুদ এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করে। উল্লেখ্য, করোনা মহামারির সময় থেকে লায়ন মো. শাহজাহান সীতাকুণ্ডের সাধারণ মানুষের সেবায় নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।








