সীতাকুণ্ডে মাজার জিয়ারতের মাধ্যমে আসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মাজার জিয়ারত ও গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় আকবর শাহ ও কাট্টলী ওয়ার্ড থেকে তিনি দিনব্যাপী এই কর্মসূচি শুরু করেন।
সকালে হযরত মাঈন উদ্দিন শাহ (র.)-এর মাজার জিয়ারত শেষে আসলাম চৌধুরী নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগে নামেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে আসলাম চৌধুরী বলেন, “দেশের মানুষ স্বস্তিতে নিশ্বাস নিতে চায়, আর বিএনপিই পারে সেই মুক্তির পথ দেখাতে। ভোটারদের মন জয় করেই আমরা নিরঙ্কুশ জয় লাভ করতে চাই। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না।” তিনি আরও অভিযোগ করেন, পরাজয়ের ভয়ে কোনো কোনো পক্ষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তবে সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় সুনিশ্চিত।
প্রচারণায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা তাঁদের প্রত্যাশার কথা জানান। বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক এই প্রচারণায় অংশ নেন। আসলাম চৌধুরী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাজার জিয়ারত ও পথসভার মাধ্যমে দিনভর ব্যস্ত সময় পার করেন।
অন্যদিকে, একই আসনে অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।








