সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির মাটি কেটে সাবাড় করার দায়ে ‘সোনার বাংলা’ নামক একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। তিনি জানান, ইটভাটাটি আবাদি জমি থেকে ২০-৩০ ফুট গভীর করে অবৈধভাবে মাটি সংগ্রহ করছিল, যা পরিবেশ ও কৃষি জমির জন্য চরম হুমকিস্বরূপ। অপরাধের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে দেখা যায়, গভীর গর্ত করে মাটি তোলায় পাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ওই বিশাল গর্তগুলো ভরাট করে জমি সমতল করার কঠোর নির্দেশ দিয়েছে আদালত। এ সময় ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
এর আগে গত ১৭ নভেম্বরও অবৈধভাবে কৃষি জমি দখল করে ভাটা স্থাপনের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। স্থানীয়দের অভিযোগ, বারবার জরিমানা হলেও প্রভাবশালী এই চক্রটি আইন অমান্য করে কৃষি জমি ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ফসলি জমি ও পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি বিনষ্ট করা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে ইটভাটা বন্ধসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”






