সাতকানিয়ায় অনুমোদনহীন চার ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় চারটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় এনএইচবি (NHB) ও পিবিএম (PBM) ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং সেভেন বিএম (7BM) ব্রিক ফিল্ডের দুটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, "প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।"
অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।







