শহীদ মজিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় শহীদ আবদুল মজিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ আবদুল মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জিন্নাত। রামগড় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম এবং রামগড় পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কাজী শামীম শ্রদ্ধা জানান।
এ ছাড়া রামগড় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ প্রমুখ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
পরে সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, শহীদ মজিদের বাবা মতিন মিয়া, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











