লামায় আওয়ামী লীগ চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ ঘরোনার চেয়ারম্যান ওমর ফারুক ও বিএনপি নেতা মিছবাহ উদ্দীন মিন্টুর যোগসাজশে বেআইনিভাবে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ফাইতং ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় কথিত কিছু ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকার কৃষক ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।
গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান এবং মিছবাহ উদ্দীন মিন্টু নামের এক ব্যক্তিকে বেআইনিভাবে টোল আদায়ের সুযোগ করে দিয়েছেন। কোনো প্রকার বৈধ রসিদ বা ইউপি ইজারার কাগজপত্র ছাড়াই এই চাঁদাবাজি চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, ফাইতং ইউনিয়নের শতকরা ৯০ ভাগ মানুষই কৃষিপেশার সঙ্গে জড়িত। সামান্য ১০-১২ কেজি কৃষিপণ্য কিংবা ছোটখাটো মালামাল পরিবহনের ক্ষেত্রেও তাঁদের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা বা চাঁদা আদায় করা হচ্ছে।
বক্তারা আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে বৈঠক করা হলে তিনি স্পষ্ট করে জানান যে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমন কোনো ট্যাক্স বা ইজারা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এরপরও এক ইজারাদার (হেলাল উদ্দীন ও মিছবাহ গং) ও তাঁর সহযোগীরা অবৈধভাবে ইজারার গেট বসিয়ে চাঁদা তুলে আসছিলেন।
এলাকাবাসী ও বক্তারা অবিলম্বে অবৈধভাবে আদায়কৃত সব টাকা সাধারণ মানুষ ও কৃষকদের ফেরত দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি অবৈধ গেট অপসারণ না করলে চাঁদাবাজদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
এ বিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, গেট ইজারা দেওয়া হয়নি, তবে পরিষদের পক্ষে হেলাল উদ্দীন নামে একজনকে টোল আদায়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।











