লামায় চার কোটি টাকার সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, মানহীন খোয়া (কংক্রিট) এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, লামা বিএডিসি কার্যালয়ের ১ হাজার ৬০০ ফুট সীমানাপ্রাচীর নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। সম্প্রতি এ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাজ্জাদ এন্টারপ্রাইজ’। তবে কাজটি নিজেদের তত্ত্বাবধানে না করে প্রতিষ্ঠানটি অন্য একটি পক্ষকে উপ-ঠিকাদারি (সাব-কন্ট্রাক্ট) বা হস্তান্তরের মাধ্যমে করাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, প্রাচীর নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দরপত্রের শর্ত (শিডিউল) লঙ্ঘন করে অতি নিম্নমানের খোয়া এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করছেন। এমনকি হাতের সামান্য চাপে ব্যবহৃত নির্মাণসামগ্রী ভেঙে যাচ্ছে। ফলে নির্মাণাধীন সীমানাপ্রাচীরটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর দাবি করেন, “আমি এক নম্বর খোয়া ও বালুর মূল্য পরিশোধ করছি। যদি কেউ খারাপ মালামাল দিয়ে কাজ করে থাকে, তবে আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে কাজটি বন্ধ করে দিন।”
কাজের তদারকির বিষয়ে জানতে চাইলে বিএডিসি বান্দরবানের প্রকৌশলী জানান, তাঁকে একা পুরো জেলার অনেকগুলো প্রকল্প তদারকি করতে হয়। এ কারণে সব সময় নির্মাণস্থলে উপস্থিত থেকে কাজ করানো সম্ভব হচ্ছে না। তবে লামার এই সীমানাপ্রাচীর নির্মাণে কাজের গুণগত মান খারাপ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা বলছেন, চার কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজ এভাবে নামমাত্র তদারকি এবং সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রাক্কলন অনুযায়ী মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।









