রামুর গর্জনিয়া বাজারে পুলিশের অভিযান: ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের কবির ফ্যাশন হাউসে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে গর্জনিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আনিসুর রহমান, এসআই জুয়েল চৌধুরী, এসআই শাহরিয়ার ও এএসআই মো. ইউনুসসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের দোকানে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রাসেলের ভাই সাজ্জাদ হোসেন ও রেজাউল করিম বাবুকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে রামু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। মামলা দায়ের করে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”











