রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ঘটনায় আটক ৪ ও জব্দ ৩ মোটরসাইকেল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ঘটনায় আটক ৪ ও জব্দ ৩ মোটরসাইকেল

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ঘটনায় আটক ৪ ও জব্দ ৩ মোটরসাইকেল
ছবি সংগৃহীত।

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বিশাল ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। পাশাপাশি জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেলও। পরে এর প্রতিবাদে একই এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন বিএনপি।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার সড়কে এ মিছিল বের করে তারা। এর পরিপ্রেক্ষিতে বিকেলে প্রতিবাদী মিছিল বের করে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি।

পুলিশ জানায়, লোকজন যখন দুপুরের খাবারে ব্যস্ত ছিলেন, তখন এ মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগ নেতা ইমাদ সিকদারের নেতৃত্বে করা এ মিছিলটি তিতারপাড়া আল-আমিন মার্কেট হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘‘হঠাৎ করে এ ধরনের মিছিল বের করে পরিবেশ নষ্ট করার যে অপচেষ্টা, তা আর হতে দেওয়া হবে না। যারা সরকারি নির্দেশ অমান্য করে মিছিল বের করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

তিনি আরও জানান, বিকেলে ইউনিয়ন বিএনপি সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন ও সাংগঠনিক সম্পাদক ডা. শফিক আহমদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।




নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সেবন ও মাদক রাখার দায়ে তিনজনকে কারাদণ্ড

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সেবন ও মাদক রাখার দায়ে তিনজনকে কারাদণ্ড
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয় গেট-সংলগ্ন এলাকায় গত ১৪ নভেম্বর শনিবার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা রাখার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ১. রুবেল করিম (২০), পিতা: আলী হোসেন, সাং: সালামীপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, ১ নম্বর সদর ইউপি, থানা: নাইক্ষ্যংছড়ি। ২. তৌহিদুল ইসলাম (২০), পিতা: আব্দুর রহিম, সাং: ফাক্রিকাটা, ৬ নম্বর ওয়ার্ড, থানা: রামু। ৩. হেলাল উদ্দিন (২৬), পিতা: হাফেজ আহমেদ, সাং: কাউয়ারখোপ, ৪ নম্বর ওয়ার্ড, কাউয়ারখোপ ইউপি, থানা: রামু।




লামায় ‘দৈনিক ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লামায় ‘দৈনিক ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি সংগৃহীত।

জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের লামায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬ খ্রি.) বিকেলে লামা প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী শাহরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান এবং লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা ইব্রাহীম খলিল সাদেকী।

অনুষ্ঠানের বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকাটি দেশের গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্যের সন্ধানে নিরলস কাজ করে যাচ্ছে। মফস্বল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখ ও সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের ভিড়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। ‘ভোরের চেতনা’ সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তাদের এই সাহসী ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের সাথে নিয়ে কেক কাটেন দৈনিক ‘ভোরের চেতনা’র উপজেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী শাহরাজ।




আলীকদমের একমাত্র শিশুপার্ক এখন গবাদিপশুর চারণভূমি ও চলাচলের পথ!

আলীকদমের একমাত্র শিশুপার্ক এখন গবাদিপশুর চারণভূমি ও চলাচলের পথ!
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের চিত্তবিনোদনের একমাত্র ঠিকানা এই শিশুপার্কটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি এখন শিশুদের খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। খেলার সরঞ্জামে মরিচা ধরেছে এবং সীমানাপ্রাচীর ভেঙে তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। ফলে পার্কের ভেতরে অবাধে চলাচল করছে স্থানীয় লোকজন ও গবাদিপশু। মাঝেমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নিয়মিত তদারকির অভাবে পার্কটির কোনো উন্নতি হচ্ছে না।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পার্কটিতে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সিস-স রয়েছে। তবে এর অধিকাংশই পুরোনো ও মরিচা ধরা। সরঞ্জামগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে খেলতে গিয়ে যেকোনো সময় শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে। এ ছাড়া পার্কের পাশ দিয়ে সড়ক থাকা সত্ত্বেও পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের মাঝখানের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্কটি মাঝেমধ্যে সংস্কার করা হলেও তাতে কোনো ধারাবাহিকতা থাকে না। সংস্কারের পর কিছুদিন পরিবেশ ভালো থাকলেও তদারকির অভাবে তা দ্রুতই আগের অবস্থায় ফিরে যায়। শিশুদের জন্য নতুন কোনো রাইড বা সরঞ্জাম স্থাপনের কার্যকর উদ্যোগও চোখে পড়ে না।

এদিকে শিশুপার্কটির সংস্কার ও নতুন খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে মিজান আকন্দের ধারণ করা ‘খবর নিয়ে দেখেন কার আত্মীয় হয়’ শিরোনামের একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, পার্ক সংস্কারের জন্য ইয়াকুব আলীকে ৩ টন চাল ও ৩ টন গম এবং খেলার সরঞ্জাম কেনার জন্য মো. ইব্রাহীমের নামে আরও ৩ টন চাল ও ৩ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ, দুই ব্যক্তির নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের তথ্য ভিডিওটিতে উঠে আসে।

তবে এ বিষয়ে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা দুজনই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তাঁদের নামে বরাদ্দ বা এ-সংক্রান্ত কোনো প্রকল্পের বিষয়ে তাঁরা কিছুই জানেন না বলে দাবি করেছেন। ফলে বরাদ্দের এই তথ্য এবং এর বাস্তবায়ন নিয়ে এলাকায় ধোঁয়াশা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, কাগজে-কলমে বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে পার্কটির কোনো দৃশ্যমান সংস্কার বা নতুন সরঞ্জাম যুক্ত হয়নি। বরাদ্দের বিপরীতে প্রকৃতপক্ষে কী কাজ হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের কর্মকর্তা উচাছে মার্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে এ বিষয়ে জেলা পরিষদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজশিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিশুপার্কের গুরুত্ব অপরিসীম। আলীকদমের মতো দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ এমনিতেই কম। একমাত্র পার্কটির এমন বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। শুধু নামমাত্র সংস্কার নয়, পার্কটি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি।

কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, ছোটবেলা থেকেই তাঁরা পার্কটিকে শিশুদের বিনোদনের কেন্দ্র হিসেবে দেখে এসেছেন। কিন্তু বর্তমানে সেখানে শিশুদের বদলে গরু-ছাগল ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে। ছোট ভাইবোনদের সুস্থ বিনোদনের স্বার্থে পার্কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, শিশুদের মানসিক বিকাশের জন্য এই পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্কটির বর্তমান দুরবস্থার বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্কটি যেন গবাদিপশুর বিচরণক্ষেত্র বা চলাচলের পথ হিসেবে ব্যবহৃত না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

স্থানীয়দের মতে, উপজেলায় শিশুদের বিনোদনের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পার্কটি দ্রুত সংস্কার, সীমানাপ্রাচীর মেরামত ও নতুন সরঞ্জাম স্থাপন সময়ের দাবি। পাশাপাশি বরাদ্দের অর্থ বা খাদ্যশস্যের সঠিক ব্যবহার নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।