রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা, আটক ৭

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতেই অভিযান চালিয়ে সাতজনকে আটক করে রামু থানা পুলিশ। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলায় কচ্ছপিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদী, রিদুয়ান, দুর্জয় শর্মা, ইমাদ সিকদার ও মেহেদিসহ রামুর ১০ ইউনিয়নের মোট ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







