রামুতে ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই তরুণের নাম মো. সাহেদ (১৯)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর (ব্লক জি-১৫) বাসিন্দা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। বাসের যাত্রী মো. সাহেদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি মাদক বহনের কথা অস্বীকার করলেও পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি’র রামু সেক্টর ও ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।







