যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

যে সকল যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তথ্য এনটিআরসিএ সংগ্রহ করা হয়ে থাকে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা নিরসনে ইতোমধ্যে শূন্য পদের তালিকা পিএসসি-তে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই উপজেলার শূন্য পদসমূহে নতুন শিক্ষক সুপারিশ করা হবে। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সকল চরাঞ্চলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে পাঠদান সচল রাখতে শিক্ষকদের পদায়ন সংক্রান্ত বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
যে সকল যোগ্য নন-এমপিও প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।








