মীরসরাইয়ে বাস তল্লাশিতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা জমিলা বেগম (২৫) ও খুরশিদা বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী 'সৌদিয়া পরিবহনের' একটি বাস তল্লাশিকালে দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে উভয়ের ব্যাগ থেকে ৪০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাঁদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”








