মীরসরাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীর কর্মীকে জরিমানা

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর দায়ে বিএনপি মনোনীত প্রার্থীর এক কর্মীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের পক্ষে একটি পিকআপ ভ্যানে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন লাগিয়ে মাইকিং করার সময় মোহাম্মদ তারেক নামের এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় তাঁকে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, "যানবাহনে রঙিন ব্যানার ও প্রচারযন্ত্র ব্যবহার করে নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটানোয় অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যানবাহন থেকে তাৎক্ষণিকভাবে প্রচারসামগ্রী অপসারণ করা হয়।"
জরিমানার টাকা পরিশোধ করেন প্রার্থীর পক্ষে উপস্থিত হক সাহেব নামের এক ব্যক্তি। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি প্রার্থীর অগোচরেই ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত অন্যান্য কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।








