ভূজপুরে ওয়ার্ডভিত্তিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ৮ নম্বর ওয়ার্ডফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে:...
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ভূজপুরে ওয়ার্ডভিত্তিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ৮ নম্বর ওয়ার্ডফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি

ভূজপুরে ওয়ার্ডভিত্তিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ৮ নম্বর ওয়ার্ডফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি
ছবি সংগৃহীত।

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে আন্তঃইউনিয়ন ওয়ার্ডভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ২ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৮ নম্বর ওয়ার্ড। ২৩ অক্টোবর শুক্রবার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলায় দুই দল সমতায় থাকায় টাইব্রেকারে ৮ নম্বর ওয়ার্ড জয়ী হয়।

মোহাম্মদ তারেক আজিজের পৃষ্ঠপোষকতায় এবং ভূজপুর খেলোয়াড় সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও ফলাফল অসংলগ্ন থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ৮ নম্বর ওয়ার্ড।

খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ মো. সরোয়ার আলমগীর। ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মো. তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক ওমান প্রবাসী মোহাম্মদ এসকান্দর মির্জা। মুখ্য আলোচক ছিলেন ভূজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম পারভেজ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মর্তুজা এনামুল ইকবাল এবং কাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল্লাহ।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. সরোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়িতে প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হলে সেটি ভূজপুরেই হবে।” তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, থানা যুবদলের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল আলম মেম্বার, মাওলানা শেখ মোহাম্মদ ইব্রাহিম মেম্বার, মাওলানা নিজাম উদ্দিন, দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াস রাজু, মোহাম্মদ বখতিয়ার তালুকদার এবং ভূজপুর খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ মুন্সি।




চোরাই রাবার নিয়ে সংবাদ, সাঙ্গু প্রতিনিধিকে হত্যার হুমকির অভিযোগ

চোরাই রাবার নিয়ে সংবাদ, সাঙ্গু প্রতিনিধিকে হত্যার হুমকির অভিযোগ
ছবি সংগৃহীত।

চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক সাঙ্গুর ফটিকছড়ি উত্তর প্রতিনিধি ও ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাংবাদিক আজগর সালেহীকে অপহরণ করে হত্যা এবং লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভূজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডিতে অভিযুক্ত মোহাম্মদ জাহেদুল ইসলামকে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়ার মোহাম্মদ রফিকের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা বলেও উল্লেখ করা হয়।

জিডি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ‘ভূজপুরে ১৫ লাখ টাকার রাবার জব্দ, কভার ভ্যানসহ আটক ৩’ শিরোনামে দৈনিক সাঙ্গু পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিন চট্টগ্রাম শহরে পাচারের সময় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় রাবার বাগান কর্তৃপক্ষ জাহেদুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় চুরির মামলা করে। মামলাটির নম্বর ১৭, তারিখ ২০ অক্টোবর ২০২৬।

জিডিতে বলা হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জাহেদুল ইসলাম, রাসেলসহ আরও কয়েকজনের নাম উঠে আসে। প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আজগর সালেহী।

অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে গত ২১ অক্টোবর রাত ১০টা ১২ মিনিট ও ১০টা ১৪ মিনিটে ০১৭৭৭-৪০৭৭৭৭ নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করা হয়। এ সময় তাঁকে অপহরণ করে হত্যা এবং লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, ফোনে অভিযুক্ত ব্যক্তি নিজেকে পলাতক আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তাঁদের একটি সংঘবদ্ধ গ্যাং রয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে সংবাদ সংগ্রহের কাজে দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নসহ উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গেলে আজগর সালেহীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্টে সরকারবিরোধী ফেস্টুন ও ব্যানারসংবলিত পোস্ট এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের আহ্বানসংক্রান্ত পোস্ট থাকার বিষয়টিও জিডিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক আজগর সালেহী বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাধীনভাবে সাংবাদিকতা করার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। একজন সাংবাদিক, সংগঠক ও শিক্ষক হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া বলেন, “জিডিটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ জমির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এদিকে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

তাঁরা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।




ফটিকছড়িতে জঙ্গলে মিলল সদ্যোজাত শিশু

ফটিকছড়িতে জঙ্গলে মিলল সদ্যোজাত শিশু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, ‘রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা এগিয়ে যাই। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স এক দিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশকে খবর দিই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে। ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




তৃণমূলের মতামতের ভিত্তিতে হবে ইউপি নির্বাচনের মনোনয়ন: সরোয়ার আলমগীর

তৃণমূলের মতামতের ভিত্তিতে হবে ইউপি নির্বাচনের মনোনয়ন: সরোয়ার আলমগীর
ছবি সংগৃহীত।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপির নেতাকর্মীসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমাসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছেন। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রতিফলন রয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।

তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।