ভিসির পুনর্বহালের দাবিতে চুয়েটে চলছে তৃতীয় দিনের মত শাটডাউন ও মানববন্ধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। একই দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদে পুনর্বহাল এবং নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। চলমান সংকট নিরসনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব দিতে হবে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব বিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলামকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।











