বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ১ কোটি ৫০ লাখ টাকার সহায়তা দিল সরকার

চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তার চেক হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপিকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই এবং জনগণের পাশে থেকেই কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক প্রধান ও বাঁশখালীর কৃতি সন্তান ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে মোট প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, সরকারের উদ্যোগে বাঁশখালীর সড়ক, কালভার্ট ও বেড়িবাঁদের উন্নয়নকাজ দ্রুত শুরু হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।










