বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ও ফিন্যান্স কমিটির সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর সরওয়ার জাহান, সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত ফিন্যান্স ডিরেক্টর চিংচি প্রু সুকি এবং জুনিয়র অ্যাকাউন্টস অফিসার মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সভায় বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, আয়-ব্যয়ের হিসাব, আর্থিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যকর আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখার অন্যতম পূর্বশর্ত। ফিন্যান্স কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।











