বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১৭

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গিয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যারা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আহত হয়েছেন।
বান্দরবান সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ভোরে বাসটি খাদে পড়ে গেলে অনেকেই আহত হন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে।










