বান্দরবানের রুমায় বন্য ভাল্লুকের আক্রমণে জুমচাষি আহত

বান্দরবানের রুমা উপজেলায় জুমে কলাগাছ কাটার সময় বন্য ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো (২৬) নামে একজন জুমচাষি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কাইন প্রে ম্রো একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফপাড়া গ্রামের রুইচং ম্রোর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কাইন প্রে ম্রো প্রতিদিনের মতো জুমে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তিনি কলা গাছ কাটার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি বন্য ভাল্লুক তাঁকে আক্রমণ করে। ভাল্লুকটি আক্রমণের পর পরই জঙ্গলের ভেতরে চলে যায়। পরে তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, নিজ জুমে কাজ করার সময় কাইন প্রে ম্রো বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, বন্য ভাল্লুকের আক্রমণে আহত কাইন প্রে ম্রো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ভাল্লুকের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।










