বান্দরবানের বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে ৩০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনু মং। জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের অনুপস্থিতিতে তিনি অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে চনু মং বৌদ্ধ বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন। এ সময় কঠিন চীবর দানের ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুণ্যকর্মের মধ্য দিয়ে উৎসবে অংশ নেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডম্যান মংপু মারমা, জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা, নোয়াপতং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চিত্রমোহন চাকমা, জামছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা, কারবারি পুথোয়াই অং ও প্যানেল চেয়ারম্যান সেম্প্রু মারমাসহ বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা, স্থানীয় নেতারা এবং ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
দিনব্যাপী ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৩০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়।










