বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, বাঁশঝাড়ে মিলল ৯৯ রাউন্ড গোলাবারুদ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, বাঁশঝাড়ে মিলল ৯৯ রাউন্ড গোলাবারুদ

বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, বাঁশঝাড়ে মিলল ৯৯ রাউন্ড গোলাবারুদ
ছবি সংগৃহীত।

পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে মজুত করে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে তথ্য আসে যে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের দুর্গম পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বিজিবি।

এরই ধারাবাহিকতায় বান্দরবান সেক্টর কমান্ডার এবং ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সন্দেহজনক পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করে।

দুপুর ১টা থেকে শুরু হওয়া অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে দীর্ঘ সময় খোঁজাখুঁজি চালানো হয়। পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে সতর্কতার সঙ্গে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে মজুত করা হয়েছিল। তবে এগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান চলছে।

বিজিবি জানায়, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অত্যাধুনিক সরঞ্জামে নজরদারি বৃদ্ধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অত্যাধুনিক সরঞ্জামে নজরদারি বৃদ্ধি
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়েছে ১১ বিজিবি।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে নজরদারি জোরদার করেছে।

নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দিন-রাত বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে আকাশপথে পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ও কার্যকর টহলের জন্য এটিভি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অ্যান্টি-ড্রোন জ্যামার, বাইনোকুলার, নাইট ভিশন বাইনোকুলার ও গগলস, থার্মাল ইমেজার, মাইন ডিটেক্টর, আন্ডার ভেহিকেল সার্চ মিরর এবং বডি-ওর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, এসব প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর এ ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




থানচিতে পাহাড়ে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে মতবিনিময় সভা

থানচিতে পাহাড়ে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে মতবিনিময় সভা
ছবি সংগৃহীত।

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় ‘পাহাড়ে নারীর অধিকার ও মর্যাদা: চ্যালেঞ্জ, বাস্তবতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বলিপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কিংডম অব দ্য নেদারল্যান্ডস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে ‘সোচ্চার প্রকল্পের’ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য ছিল“ UNITE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity” অর্থাৎ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা।
সভায় সভাপতিত্ব করেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) উপ নির্বাহী পরিচালক উবানু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, পাড়াপ্রধান (কারবারি), বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং নারীর কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় পাহাড়ি জনপদে নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারী নির্যাতনের বাস্তবতা, বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্য এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজের নেতৃত্ব, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, আইনি সহায়তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা শুধু আইন প্রণয়নের মাধ্যমে সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার নারীরা যাতে নির্ভয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সে জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। সভায় অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি, নির্যাতনের ঘটনা গোপন না রেখে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি পাহাড়ি জনপদে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।




রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
ছবি সংগৃহীত।

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বর্তমান সদস্য (মেম্বার) ঙানরাও ম্রো বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর তাঁর রাজনৈতিক পরিচয় ও অতীত দলীয় সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন।

স্থানীয় নেতাদের কেউ কেউ দাবি করছেন, ঙানরাও ম্রো কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার দাবি করেছেন ঙানরাও ম্রো।

জানা গেছে, গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পান্তলা পাড়ার কোকোসিং মারমা, ৭ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার ঙানরাও ম্রো, ৬ নম্বর ওয়ার্ডের গালেঙ্গ্যা পাড়ার উচমং মারমা, ৪ নম্বর ওয়ার্ডের মাংতং পাড়ার মেনমিয়াম ম্রো, ৪ নম্বর ওয়ার্ডের অংলাই পাড়াবাসী য়াংপুং ম্রো এবং ৭ নম্বর ওয়ার্ডের আংমাই পাড়ার সিংরাও ম্রো। এ ছাড়া আরও কয়েকজন স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ঙানরাও ম্রো দাবি করেন, ২০১৩ সাল থেকে রুমা উপজেলা বিএনপির কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

এদিকে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর রুমা উপজেলার একান্ত প্রতিনিধি থুইসাঅং মারমা জানিয়েছেন, ঙানরাও ম্রো গালেঙ্গ্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে মৌখিকভাবে দাবি করলেও লিখিত কোনো নথি দেখাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সক্রিয় কর্মী মেননিয়ান ম্রো বলেন, “আমি ১৯৯৮ সালে মেম্বার হয়েছিলাম। জনগণ ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়ালে ২০২৭ সালে ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের মানুষের সেবা করতে পারব।”

তবে এ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় গালেঙ্গ্যা ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির একটি স্বাক্ষরিত কাগজে ঙানরাও ম্রোর নাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। ওই কাগজে তৎকালীন রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের স্বাক্ষর রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, তৎকালীন সময়ে ঙানরাও ম্রো ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। রুইফ পাড়ায় ঙানরাও ম্রো নামে একাধিক ব্যক্তি না থাকায় ওই কমিটির তালিকায় থাকা ব্যক্তিই বর্তমান মেম্বার ঙানরাও ম্রো বলে দাবি করেন তিনি।

একই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং দলীয় পদ-পদবি নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অতীত রাজনৈতিক ভূমিকা, দলীয় সম্পৃক্ততা ও সাংগঠনিক অবস্থান যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির মূল নথি ও সাংগঠনিক রেকর্ড যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।