বাঁশখালীতে পুলিশি অভিযানে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশি অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী এবং বাঁশখালী উপজেলার চেচুরিয়া ও বৈলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২) এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১) ও হাসিবুল ইসলাম তানভীর (১৬)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও পতাকা মিছিলের আয়োজন করেন। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁরা জড়িত। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে থানা এলাকায় অভিযান চলছে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরের কলাতলীর সি প্যালেস হোটেল থেকে পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধারাবাহিক অভিযানে দুপুর ১টার দিকে উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











