কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ-পরবর্তী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল ও তিনটি সোনালি রঙের ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের (পিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির নেতৃত্ব দেন তৌহিদ। এ ছাড়া একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আলী আকবরের বাড়িতে ডাকাতির মামলারও আসামি তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনের পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে, তৌহিদসহ অন্য আসামিরা একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে মারধর করেন। পরে স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করে মাতামুহুরী সেতুর ওপর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ২৫টিরও বেশি মামলা রয়েছে। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।
পুলিশের দাবি, তৌহিদের অপরাধজগতের সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম ওরফে জাহেদ ডাকাতের বিরুদ্ধেও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে এবং ডাকাতির অর্থ দিয়ে তিনি সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ডাকাতির অর্থে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে গড়ে তোলা সম্পদের বিষয়েও অনুসন্ধান চলছে।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।