ফেঁসে গেলেন টয়লেটে সন্তান প্রসবকারি কিশোরী, মা ও খালাসহ ৩ জন কারাগারে

টয়লেটের কমোডে সন্তান প্রসব এবং সদ্যজাত সন্তানকে কমোডে ফেলে চলে যাওয়ার ঘটনায় ‘হত্যাচেষ্টা’র মামলা হয়েছে কক্সবাজারের ঈদগাঁও থানায়। গত সোমবার রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতল এলাকায় টয়লেটে সন্তান প্রসবের ওই ঘটনা ঘটে।
ওই মামলায় কিশোরী প্রসূতি তাসফিয়া জান্নাত তামান্না, তার মা রোজিনা আক্তার ও খালা মর্জিনাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় ওই কিশোরীর কথিত প্রেমিক চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল আহমদের ছেলে টমটম চালক আবুল কালামকে প্রধান আসামি করা হয়েছে।
সুত্রমতে, তাদের আদালতে সোপর্দ করার পর শুনানি শেষে প্রসূতি মা ও তার দুই নিকটাত্মীয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সাথে সদ্যপ্রসূত শিশুটিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মামলার আইনজীবী এডভোকেট মোবারক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে হাসপাতালে নবজাতকের পাশে রেখে মাকে চিকিৎসা দেয়ার বিষয়টি বিবেচনার জন্য আদালতের নিকট আর্জি জানিয়েছি।
ইতোপূর্বে বুধবার দিনের বেলা গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে ‘জনস্বার্থে’ মামলাটি করেছেন এলাকার যুবক মোর্শেদ কামাল। মামলায় কথিত প্রেমিকসহ ৪ জনকে আসামি করা হয়।
এদিকে ঘটনার একদিন পর প্রধান আসামি আবুল কালাম দাবি করেন, তারা আগেই গোপনে বিয়ে করেছেন। যদিও তার আরেকজন স্ত্রী রয়েছেন।
তবে তার কথিত দ্বিতীয় স্ত্রীর গর্ভবতী হওয়া, টয়লেটের ভেতরে গর্ভপাত করে কমোডের ভেতর নবজাতককে হত্যার চেষ্টা করে পালিয়ে যাওয়া এবং ঘটনার পর থেকে স্ত্রী-সন্তানের খোঁজখবর না নেয়ার বিষয়ে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ কথা বার্তা বলেন মোবাইলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এ জঘন্য ঘটনায় কোন ভাবেই ছাড় দেয়ার প্রশ্ন উঠে না। জন দাবি এবং অপরাধের মাত্রার নিরিখে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত সোমবার (০৮ নভেম্বর) রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী ট্রাক পার্কিংস্থলের গণটয়লেটের কমোড থেকে সদ্যপ্রসূত এক ছেলেশিশু উদ্ধার করা হয়। পরে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে চিহ্নিত হয় নবজাতক প্রসবকারী ও হত্যার চেষ্টাকারী ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বর্তমানে মোহাজের পাড়ার সৌদিপ্রবাসী জাফর আলমের কিশোরী কন্যা তাসফিয়া জান্নাত তামান্না (১৬)।







