ফটিকছড়ির কাঞ্চননগরে সন্ত্রাসীদের ‘প্রোডাকশন হাউস’ নির্মূল করতে চাই: এসপি মাসুদ আলম

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, ফটিকছড়ির কাঞ্চননগরের সন্ত্রাসীদের ‘প্রোডাকশন হাউস’ নির্মূল করতে হবে। কয়েকজন অপরাধীর কারণে পুরো এলাকার দুর্নাম হতে পারে না। অপরাধীদের নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফটিকছড়ি থানার আয়োজনে অনুষ্ঠিত মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাঞ্চননগরের পরিস্থিতি প্রসঙ্গে এসপি মাসুদ আলম বলেন, “কাঞ্চননগর সন্ত্রাসীদের অভয়ারণ্য—এত দিন পর আমরা জানলাম। এখানে অল্প কয়েকজন সন্ত্রাসী ও অপরাধী পুরো এলাকার পরিবেশ অস্থিতিশীল করে রেখেছে।”
অপরাধীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভালো হয়ে যাওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া যেতে পারে। এরপরও কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা পাহাড়, খাল, চা-বাগান কিংবা রাবারবাগান—যেখানেই আত্মগোপন করুক, তাদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সবাই মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপরাধীরই এলাকায় থাকার সাহস থাকবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
কাঞ্চননগরের দুর্নাম দূর করে এলাকাটিকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে সন্ত্রাস ও মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে কাঞ্চননগরকে অপরাধমুক্ত করা সম্ভব।
সমাবেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানের সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) সুমন দে-র সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আজম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইউছুফ বিন সিরাজ, ইউনিয়ন জামায়াতের আমীর সাইরান কাদের চৌধুরী এবং কাঞ্চননগর আহমদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল খান, বিএনপি নেতা মোজাম্মেল হক তালুকদারসহ অনেকে।











