ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব আজিমপুর জয়রাম মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ ও তাঁর ভাতিজা প্রবাসী সবু নাথের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার বিকেলে সেই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা সবু নাথ চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন। এতে বৈকুণ্ঠ চন্দ্র নাথের মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে বৈকুণ্ঠ চন্দ্র নাথ মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈকুণ্ঠ চন্দ্র নাথের পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি থানায় একটি মামলা (নম্বর- ১৩/১০/২০২৫) দায়ের করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ পলাতক রয়েছেন। তবে তাঁর স্ত্রী টিংকু রানী নাথকে আটক করা হয়েছে।”









