ফটিকছড়িতে ছাত্রদলের সমাবেশ, ধানের শীষকে জেতানোর অঙ্গীকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে বিশাল ছাত্র সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি রাজঘাট চত্বরে আয়োজিত এই সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষায় ছাত্রসমাজকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রধান বক্তা হিসেবে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। সমাবেশে বিশেষ অতিথি ছাত্রদল নেতা গিয়াস আল মামুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না ও পৌর ছাত্রদলের আহ্বায়ক একরাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।








