ফটিকছড়িতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচপুকুরিয়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল আজম।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মাহফিলে পবিত্র কোরআন খতম করা হয়। অনুষ্ঠানে সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল, মো. জাফর মেম্বার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মজাহারুল ইকবাল লাভলুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর নেতৃত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার শিকদার ও আকবর হোসেনের যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।








