ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জামায়াত নেতা নুরুল আমিনের

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ফটিকছড়ি থেকে অবিলম্বে সব ধরনের বেআইনি অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। আজ শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ফটিকছড়ি আসন থেকে জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, "জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য বন্ধ না হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।"
একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠনের অঙ্গীকার করে নুরুল আমিন আরও বলেন, "আগামী নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হলে জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে।"
ভূজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা হাশেম উদ্দিন চৌধুরী। মোস্তফা আমিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী আলমগীর মোহাম্মদ ইউনুস, অধ্যাপক জাহাঙ্গীর আলম, আইনজীবী ইসমাইল গনি এবং মাওলানা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ২০২৬ সেশনের জন্য মো. দিদারুল আলমকে সভাপতি ও মো. সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে ভূজপুর ইউনিয়ন যুব বিভাগের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।








