ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মীভূত, নিঃস্ব ৫ পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচটিসহ মোট ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালের দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার বসতঘরসহ মোট ছয়টি ঘর ও ঘরের ভেতরে থাকা সব প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী (ফায়ারম্যান) জুনমান হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করি। তবে তার আগেই ছয়টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়।”








