ফটিকছড়ির নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৭ ডিসেম্বর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ফটিকছড়ির নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৭ ডিসেম্বর

ফটিকছড়ির নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৭ ডিসেম্বর
ছবি সংগৃহীত।

উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ফটিকছড়ির নাজিরহাট বাজারের ব্যবসায়ী সংগঠন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) প্রধান নির্বাচন কর্মকর্তা ও নাজিরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও ছৈয়দ মোহাম্মদ নুরুল হুদা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্ষদে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্যসহ বিভিন্ন পদে নির্বাচন হবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের নির্বাচিত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ডা. মো. ইব্রাহিমকে আহ্বায়ক ও মো. হাসানুল কবিরকে সদস্যসচিব করা হয়। আহ্বায়ক কমিটি গত ৩১ অক্টোবর পর্যন্ত সদস্যপদ নবায়নের কার্যক্রম পরিচালনা করে। পরে ১ নভেম্বর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং নির্বাচন কমিশন গঠন করা হয়।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ ও ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৩ ডিসেম্বর যাচাই-বাছাই, ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৭৫২ জন ব্যবসায়ী।

আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নাজিরহাট জে এম আহমদিয়া আলিয়া মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ প্রয়োজনে ঘোষিত তফসিল পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

তফসিল ঘোষণার সময় ব্যবসায়ী নেতা ও সাংবাদিক এস এম আক্কাছ, মো. জাফর আলম, মো. শাহ জামাল এবং প্রভাস দে উপস্থিত ছিলেন।




ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ঘর, অসহায় জসিমের পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান

ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ঘর, অসহায় জসিমের পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান
ছবি সংগৃহীত।

আগুনে পুড়ে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন জসিম উদ্দিন (৫৫)। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে পরিবার নিয়ে পড়েছিলেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন অধুনালুপ্ত রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি পুরো ঘরটি মেরামতের দায়িত্বও নিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া ১ নম্বর ওয়ার্ডের বড় টিলা এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে এসব সহায়তা দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

জানা গেছে, গত ৮ নভেম্বর অগ্নিকাণ্ডে জসিম উদ্দিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে খোলা আকাশের নিচে মানবেতরভাবে দিন কাটছিল তাঁর। দুই ছেলে ও তিন মেয়ের জনক জসিমের পরিবারে নেমে আসে চরম দুর্ভোগ। তিন মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে প্রায় তিন-চার বছর ধরে প্রবাসে থাকলেও তাঁর আয়ে কোনোমতে সংসার চলে। ছোট ছেলে শেখ নেওয়াজ বাবু স্থানীয় একটি সিলভারের দোকানে মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি করেন।

পেশায় ঘর মেরামতের কারিগর জসিম উদ্দিন নিজেও বর্তমানে বেকার। ফলে নিজের পুড়ে যাওয়া ঘরটি মেরামতের সামর্থ্যও ছিল না তাঁর।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগুনে ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তখন তাঁকে ঘরটি পুনরায় মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। খোলা আকাশের নিচে বেশ কয়েকদিন ধরে তাঁর বসবাসের বিষয়টি আমাকে ব্যথিত করেছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ ঘরের কাজ শুরু করতে প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ নিয়ে এসেছি। পুরো ঘরটি মেরামতের দায়িত্বও নিয়েছি।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত জসিম উদ্দিন বলেন, “জাহাঙ্গীর চেয়ারম্যান অনেক ভালো মানুষ। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত আমার বাড়িতে ছুটে এসেছিলেন। আমি একজন অসহায় মানুষ। নিজের ঘরটি মেরামত করার সামর্থ্য ছিল না। তিনি দায়িত্ব নিয়ে আমার ঘরটি মেরামত করে দিচ্ছেন। আল্লাহ তাঁর ভালো করুন।”

এ সময় পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সাবেক সদস্যসচিব আহসানুল করিম রাজন, সৈয়দ মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরফানুল করিম সুমন, ওয়ার্ড যুবদলের সদস্যসচিব জোহা, মোরশেদ, যুবদল নেতা এরশাদ, রহমত ও ইকবাল, ছাত্রদল নেতা আরমান ও অপু এবং শ্রমিক দলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি জানে আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




পুলিশের সঙ্গে ফোনালাপে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন শীর্ষ সন্ত্রাসী রায়হান

পুলিশের সঙ্গে ফোনালাপে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন শীর্ষ সন্ত্রাসী রায়হান
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি রায়হান আলম ওরফে শুটার রায়হান আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আত্মসমর্পণ করলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান মামলার বাইরে নতুন কোনো মামলায় না জড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রায়হান আলমের একটি ফেসবুক অ্যাকাউন্টে তাঁদের ফোনালাপের একটি অডিও প্রকাশ করা হয়। এতে রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। জবাবে নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রায়হান।

ফোনালাপে কাজী মো. তারেক আজিজ বলেন, আত্মসমর্পণ করলে রায়হানের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং বিদ্যমান মামলার বাইরে নতুন করে অপ্রয়োজনীয় মামলায় জড়ানো হবে না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’

জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা থাকলেও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নতুন মামলায় জড়ানোর আশঙ্কা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

এর আগে আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে বিপাকে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি। ওই খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল বলে জানান রায়হান। এবারও একই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কথোপকথনে সাম্প্রতিক গোলাগুলির ঘটনাও উঠে আসে। রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতে যাওয়ার পথে কয়েকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। আত্মরক্ষার যুক্তি তুলে ধরে আহতদের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণের নির্দিষ্ট সময় জানাননি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় ছয়জন আহত হন। পুলিশের ভাষ্য, রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।

পরদিন মঙ্গলবার ফেসবুক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করে আত্মরক্ষার্থে এমনটি করেছেন বলে দাবি করেন রায়হান। আহতদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে যোগাযোগের আহ্বানও জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কাজী মো. তারেক আজিজ বলেন, তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




ফটিকছড়িতে বালুভর্তি ডাম্প ট্রাক জব্দ, আটক ৩

ফটিকছড়িতে বালুভর্তি ডাম্প ট্রাক জব্দ, আটক ৩
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ২০০ ঘনফুট বালুভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ সময় ট্রাকের চালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ঝিলতলী খাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। করেরহাট রেঞ্জের করেরহাট বিটের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ট্রাকটির নম্বর চট্ট মেট্রো-শ-১১-২৭৪৬।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ট্রাকটি ধরা হয়। পরে বালুভর্তি ডাম্প ট্রাকটি জব্দ করে করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা বলেন, ডাম্প ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।